বিশ্ব পরিবেশ দিবসে রাজশাহীতে সভা, মানববন্ধন ও বৃক্ষরোপণ

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১৮:০১ | অনলাইন সংস্করণ

  রাজশাহী ব্যুরো

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ স্লোগানে রাজশাহীতে আলোচনা সভা, বৃক্ষরোপণ, মানববন্ধন ও গাছের চারা বিতরণ কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকালে পরিবেশবাদী সংগঠন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের আয়োজনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী। মুখ্য আলোচক হিসেবে প্রতিপাদ্য বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী ও জীববৈচিত্র্য বিশেষজ্ঞ অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. বি.কে. দাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের প্রতিষ্ঠাতা ডিন ও বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর সভাপতি ড. নাসির উদ্দিন।

সভাপতিত্ব করেন রুয়েটের ছাত্র কল্যাণ উপ-পরিচালক জেড. এইচ. এম. মঞ্জুর মোর্শেদ। উদ্বোধক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর প্রধান উপদেষ্টা ও বন অধিদপ্তরের কোস্টাল সার্কেল, বরিশালের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

আলোচনা সভা শেষে বৃক্ষরোপণ, মানববন্ধন এবং ফলদ, বনজ ও ভেষজ গাছের প্রায় ৩ শতাধিক চারা বিতরণ করা হয়। অনুষ্ঠান আয়োজনে সহযোগী সংগঠন হিসেবে অংশগ্রহণ করে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ), রুয়েটের ছাত্র কল্যাণ পরিচালকের দপ্তর, মিশন গ্রীন এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।