রংপুরে পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ২০:২৯ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

“গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে ওএবি ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন, সাধারন মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধন এর মাধ্যমে কার্যক্রম শুরু হয়ে পরে স্থানীয় স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে সাধারন মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রমসহ বৃক্ষরোপণ করা হয় এবং নির্বাচিত দরিদ্র পরিবারের মাঝে গাছ বিতরণ করা হয়।
মানববন্ধনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) নেটওয়ার্ক মেম্বার উজ্জল চক্রবর্তী, সুজন রংপুর জেলার সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনম বেনজু, সাধারণ সম্পাদক গোলাম সাজ্জাদ হায়দার, বাংলাদেশ ইউথ ডেভেলপমেন্ট এলায়েন্স বিভাগীয় সমন্বয়ক ও তিস্তা ফোরাম সদস্য কামরুল হাসান উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
পুরো কর্মসূচি সমন্বয় করেন মো. আজমাইন ইসলাম রংপুর ডিভিশনাল কো-অর্ডিনেটর ওএবি ফাউন্ডেশন। আয়োজনে স্থানীয় গণমাধ্যম কর্মী, শিক্ষার্থী, পরিবেশকর্মী, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য-বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে দেশের পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “একদিনে ৬৪ জেলায় বৃক্ষরোপণ” শীর্ষক একটি বৃহৎ সমন্বিত কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সারাদেশে ১০ লক্ষাধিক গাছ রোপণ এবং তার রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তরুণদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে একই দিনে দেশের ৬৪টি জেলায় একযোগে বৃক্ষরোপণ, মানববন্ধন এবং সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়।
