সিরাজগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ২১:২১ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দে গাঁজা সেবনের দায়ে যুবক আল আমিন ভুইয়া (২৭)কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর উত্তরপাড়া গ্রামের আদেল উদ্দিনের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. বিপাশা হোসাইন এ দণ্ড প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে উপজেলার রায়দৌলতপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় গাঁজা সেবনরত অবস্থায় ওই যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে উল্লেখিত কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।