সিরাজগঞ্জে বিষধর সাপের কামড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ২১:১২ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সরাইদহ উত্তরপাড়া গ্রামে বিষাক্ত সাপের কামড়ে শিশু নুর মোহাম্মদের (৩) মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পাশের বাড়ির একটি ঘরের খামারে খেলছিল ওই শিশু। এ সময় একটি বিষধর সাপ তার ডান হাতের কবজিতে কামড় দেয়। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে এবং উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে বগুড়ার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান আলোকিত বাংলাদেশকে বলেন, সাপের কামড়ে শিশুর মৃত্যুর বিষয়টি জেনেছি। এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি খোঁজখবর রাখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
