বিশ্ব পরিবেশ দিবসে রংপুরে শ্যামাসুন্দরী খাল পুনরুদ্ধারের দাবি

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ২১:৪৯ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রংপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং শ্যামাসুন্দরী খালের পুনরুদ্ধারের দাবি জানানো হয়।

‘প্রকৃতির অনুপ্রেরণায় জলবায়ুর জন্য ও আমাদের ভবিষ্যতের জন্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত মানববন্ধনে বাপা রংপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট শামিমা আক্তার শিরিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রশিদুস সুলতান বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন এটিএন বাংলা রংপুর অফিস প্রধান কবি মাহবুবুল আলম, বাপার যুগ্ম আহ্বায়ক অধ্যাপক রুমানা জামান, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. বেলাল, প্রভাষক দেলোয়ার হোসেন, প্রভাষক আহসান হাবিব রঘু, ডা. রহিমা খাতুন, মশিউর রহমান, আব্দুল মতিন, রুহুল আমিন, মোকাদ্দেস আলী শামিম, ফিরোজ আলী, বাংলাদেশ মহিলা পরিষদ রংপুরের সভাপতি মাহাবুবা আরা লিনা, ডাস রংপুরের নির্বাহী পরিচালক চান মিয়া, মহিলা নেত্রী সমসেরা আরা বিলকিস, বধির সংঘের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, শ্যামাসুন্দরী খাল রংপুর নগরীর প্রাণ। দীর্ঘদিন ধরে দখল, দূষণ ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে খালটির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরীর জীববৈচিত্র্য সংরক্ষণে খালটির দখলমুক্তকরণ ও যথাযথ পুনঃখনন জরুরি।

এ সময় তারা অবিলম্বে শ্যামাসুন্দরী খালের সব অবৈধ দখল উচ্ছেদ, পরিকল্পিত পুনঃখনন এবং খালকেন্দ্রিক পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

আলোচনা শেষে পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করে মানববন্ধন কর্মসূচি শেষ হয়। এ সময় বাপার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।