ধরলা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র দুই ভাই নিখোঁজ
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১৭:৩৬ | অনলাইন সংস্করণ
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র দুই ভাই নিখোঁজ হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালাচ্ছেন।
নিখোঁজরা হলো মোগলহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাওন (১৪) এবং নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির (১৬)। তারা আপন দুই ভাই।
তাদের পিতা মোহাম্মদ হেলাল উদ্দিন। তাদের বাড়ি মোগলহাট বাজারসংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টার দিকে শাওন, সাব্বির এবং তাদের বন্ধু মেহেদী ধরলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তারা ভেসে যায়। এ সময় বন্ধু মেহেদী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শাওন ও সাব্বির নিখোঁজ হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ দুই ভাইয়ের সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা ধরলা নদীতে অভিযান অব্যাহত রেখেছেন।
স্থানীয় মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দুলাল মিয়া জানান, দুপুরে গোসল করতে নেমেই দুর্ঘটনার শিকার হয় ওই দুই ভাই। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।
