৮ বছরের শারীরিক প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ২২:২৮ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৮ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে র‌্যাব -১৩ অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সংবাদ মাধ্যমে এ তথ্য জানান।

তিনি জানান, ধৃত আসামি মোকারম হোসেন (৫৫), ভিকটিমের প্রতিবেশী দাদা হয়। ভিকটিম শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ভিকটিমের পিতা-মাতা তাকে তার দাদির নিকট রেখে ঢাকায় পোশাক শ্রমিকের কাজ করেন। ভিকটিম প্রায়ই সময় একাকী বাড়ির বাহিরে ঘুরে বেড়ায়। এর সুবাদে ধৃত আসামি ভিকটিমকে প্রায় সময়ই শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে আসছিলো। ঘটনার বিষয়ে বাদীকে বললে বাদী ধৃত আসামিকে ঐ ঘটনা থেকে বিরত থাকার জন্য নিষেধ করেন।

ধৃত আসামি আরো ক্ষিপ্ত হয়ে গত ১০/০৫/২০২৬ তারিখ সকাল ০৮.২৫ ঘটিকায় ভিকটিম ঘাস কাটার জন্য বাড়ির বাহির হলে পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে চকলেট দেওয়ার প্রলোভন দিয়ে বাড়ির পিছনে বাঁশ ঝাড়ে নিয়ে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। যার ফলে ভিকটিম শারীরিকভাবে প্রচন্ড ব্যাথা অনুভব করায় কান্নাকাটি করতে করতে বাড়িতে এসে ভিকটিমের দাদি ও চাচাকে বিষয়টি সম্পর্কে অবগত করে।

পরবর্তীতে ভিকটিমের চাচা বাদী হয়ে দিনাজপুর জেলা চিরিরবন্দর থানায় ধৃত আসামির বিরুদ্ধে  ১০/০৫/২০২৬ তারিখ ধারা- ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ (সংশোধন ২০২৫) এর একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১১।

ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামি চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামি গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ০৭ জুন ভোরে দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন ০৭ নং মোস্তফাপুর ইউপির ০৬ নং ওয়ার্ডের কুতুবপুর গ্রামের জনৈক মো. আব্দুল আজিজের বাড়িতে অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার ধর্ষণ মামলার আসামি মো. মোকারম হোসেন (৫৫) দিনাজপুরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।