রাঙ্গামাটি পৌর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১৫:৩২ | অনলাইন সংস্করণ
রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২১ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
রোববার (৮ জুন) গভীর রাতে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন-এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালায়।
পুলিশ জানায়, অভিযানে ডেভিল, জুয়া, কিশোর গ্যাং কার্যক্রম ও মাদক সেবনের সঙ্গে জড়িত অভিযোগে মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, শহরের বিভিন্ন এলাকায় এখনও কিছু বখাটে, মাদকাসক্ত ও মাদক বিক্রেতার বিচরণ লক্ষ্য করা যাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
