রাজবাড়ীতে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১৫:৫২ | অনলাইন সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের গণপত্যা গ্রামে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন) বিকেলে স্থানীয় যুবসমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় মো. মিরাজ মিজি, বিধান ঘোষ, প্রদীপ মণ্ডল, কমল (বিডিআর), সেলিমসহ স্থানীয় বাসিন্দারা।
বক্তারা বলেন, মাদকের বিস্তারের কারণে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের কারণে এলাকার সামাজিক পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই।
তারা আরও বলেন, প্রশাসনের নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির মাধ্যমে মাদক কারবারিদের আইনের আওতায় আনতে হবে।
একই সঙ্গে যারা মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
বক্তারা সতর্ক করে বলেন, মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
