হাজীগঞ্জে মোতওয়াল্লীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও হয়রানির অভিযোগ
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১৬:০২ | অনলাইন সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স ও আহমদ আলী পাটোয়ারী ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লীর বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।
মোতওয়াল্লীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ, জালিয়াতি, হয়রানি এবং মিথ্যা মামলার অভিযোগে সোমবার (৮ জুন) দুপুরে হাজীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মো. আজাদুর রহমান মাসুদ মজুমদার, মো. আলাল হোসেন, দীন মোহাম্মদ সিটু, মো. কামাল হোসেন পাটওয়ারী ও মো. শাহ আলম।
বক্তারা অভিযোগ করেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের সাবেক ও বর্তমান মোতওয়াল্লীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ওয়াকফ সম্পত্তির অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লোপাটের ঘটনা ঘটেছে।
একই সঙ্গে বিভিন্ন ব্যক্তি ও পরিবারকে হয়রানি করতে মিথ্যা মামলা দায়ের এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তোলা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা বলেন, আহমদ আলী পাটোয়ারী ওয়াকফ এস্টেটের কোটি কোটি টাকার সম্পদ ও আয়-ব্যয়ের সুষ্ঠু হিসাব না দিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে অনিয়ম চালিয়ে আসছে। এতে ওয়াকফ সম্পত্তির প্রকৃত উপকারভোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বক্তারা আরও বলেন, অনেক ব্যক্তি ওয়াকফ এস্টেটের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করলেও তারা তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পাচ্ছেন না। বরং টাকা ফেরত চাইলে নানা ধরনের হয়রানি ও আইনি জটিলতার মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পাশাপাশি ক্ষতিগ্রস্তদের বিনিয়োগকৃত অর্থ দ্রুত ফেরত দেওয়ার ব্যবস্থা করার দাবি জানান তারা।
এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
