চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১৬:০৯ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার চুনুবি পাড়া থেকে ২১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ লাখ ২৩ হাজার ১৮০ টাকা নগদসহ আসাদুল ইসলাম (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (৮ জুন) রাত ৩টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত আসাদুল ইসলাম মিন্টু উপজেলার দৌলতদিয়ার চুনুবি পাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দৌলতদিয়ার গ্রামের আসাদুল ইসলাম মিন্টুর বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে আটক করা হয়।

পরে তার বাড়ি তল্লাশি করে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ২৩ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আটক আসাদুল ইসলামকে সোমবার দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।