গঙ্গাচড়ায় সরকারি সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে ওরিয়েন্টেশন
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১৬:৫৬ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং অতিদরিদ্র জনগোষ্ঠীর সঙ্গে সরকারি সেবার কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যে উপজেলা পর্যায়ের একটি ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে)-এর বাস্তবায়নে এবং ইউরোপীয় ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় পরিচালিত “পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইইউ (পিপিইপিপি-ইইউ)” প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার। স্বাগত বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী ডা. মো. শামসুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মো. আসাদুজ্জামান এবং টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) সুরাইয়া আক্তার রাখি।
ওরিয়েন্টেশনে প্রকল্পের সার্বিক কার্যক্রম তুলে ধরেন গ্রাম বিকাশ কেন্দ্রের টেকনিক্যাল অফিসার (কমিউনিটি মোবিলাইজেশন) মো. জিয়াউর রহমান। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা তাঁদের দপ্তরের সেবা, সুযোগ-সুবিধা এবং সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
বক্তারা বলেন, সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে জনগণের জন্য নানা ধরনের সেবা ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়িত হলেও তথ্যের অভাব, সচেতনতার ঘাটতি এবং প্রয়োজনীয় যোগাযোগের অভাবে অনেক প্রান্তিক ও অতিদরিদ্র মানুষ এসব সুবিধা থেকে বঞ্চিত হন। এ কারণে সরকারি প্রতিষ্ঠান ও জনগণের মধ্যে কার্যকর সমন্বয় ও যোগাযোগ বৃদ্ধি জরুরি।
অনুষ্ঠানে জানানো হয়, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, স্বাস্থ্য, পুষ্টি, যুব উন্নয়ন, সমবায়, সমাজসেবা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঙ্গে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সম্পৃক্ততা বাড়াতে প্রকল্পটি কাজ করছে। পাশাপাশি কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ও বিভিন্ন সরকারি সুবিধার আওতায় অতিদরিদ্র পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ আরও জোরদার করা হবে।
ওরিয়েন্টেশনের মূল লক্ষ্য ছিল উপজেলা পর্যায়ে বিদ্যমান সরকারি সেবাসমূহ সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে কার্যকর লিংকেজ তৈরির মাধ্যমে অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়ক পরিবেশ সৃষ্টি করা।
