সিরাজগঞ্জে গরু ব্যবসায়ীকে কুপিয়ে অন্তত ৭ লাখ টাকা ছিনতাই

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১৮:৩১ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হাজরাহাটি বাজার এলাকায় গরু ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে প্রায় ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৬২) রায়গঞ্জ উপজেলার তেলিজানা গ্রামের মৃত মনছের আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ মো. এনায়েতুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে আব্দুর রাজ্জাক কাজিপুরের সোনামুখী হাটে গরু বিক্রি করে আরও তিন গরু ব্যবসায়ীর সঙ্গে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। পথে হাজরাহাটি বাজার এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তাদের বহনকারী সিএনজির গতিরোধ করে।

এ সময় দুর্বৃত্তরা আব্দুর রাজ্জাককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তার কাছে থাকা টাকাসহ চার ব্যবসায়ীর মোট ৬ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

অন্য তিন ব্যবসায়ী হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার চিলগাছা গ্রামের ইউসুফ (৪০), লিটন মিয়া (৪০) ও রুহুল আমিন (৩৮)।

স্থানীয়রা আহত আব্দুর রাজ্জাককে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় রোববার রাতেই ব্যবসায়ী রুহুল আমিন বাদী হয়ে কাজিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

সোমবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে বিশেষ অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।