আধুনিক পদ্ধতিতে গৌরমতি আম চাষে সাফল্য, লাখপতি কৃষক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১৮:৪১ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের ডাবরা জিনেশ্বরী গ্রামের কৃষক গোলাম মোস্তফা আধুনিক প্রযুক্তি ও নিরাপদ চাষাবাদের মাধ্যমে ‘গৌরমতি’ আম উৎপাদনে সফলতা অর্জন করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম প্রকল্পের আওতায় ব্যাগিং পদ্ধতিতে বিষমুক্ত আম উৎপাদন করে তিনি এখন একজন সফল ও অনুকরণীয় কৃষক হিসেবে পরিচিত।
তিনি ২০১৭ সালে তার গৌরমতি আম বাগান শুরু করেন। ২০২২ সাল থেকে বাগানে ব্যাপক ফলন আসতে শুরু করে। এ বছর অনুকূল আবহাওয়ার কারণে বাগানে বাম্পার ফলন হয়েছে এবং ভালো দাম পাওয়ায় তিনি অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন।
এক একর জমির বাগানে এবার তিনি প্রায় ২৯ হাজার ৫০০টি আম ব্যাগিং করেছেন। উৎপাদনে তার খরচ হয়েছে প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা। সব কিছু ঠিক থাকলে বিক্রয় শেষে প্রায় ১২ লাখ টাকা আয় হবে বলে তিনি আশা করছেন।
বর্তমানে বাগান থেকেই প্রতি মণ আম ৪ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা সরাসরি বাগান থেকে আম সংগ্রহ করছেন।
গোলাম মোস্তফা জানান, কৃষি অফিসের নিয়মিত পরামর্শ ও আধুনিক পরিচর্যার ফলে তার বাগানের সব আম রপ্তানিযোগ্য মানে উন্নীত হয়েছে। ব্যাগিং পদ্ধতিতে চাষ করায় কীটনাশকের ব্যবহার প্রায় বন্ধ হয়ে গেছে।
তিনি আরও বলেন, এই পদ্ধতিতে আম চাষ করে বেকার যুবকরাও স্বাবলম্বী হতে পারে এবং বেকারত্ব হ্রাসে ভূমিকা রাখতে পারে।
