সরাইলে বাস খাদে পড়ে নিহত ৪, আহত অন্তত ২৫

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১৯:১২ | অনলাইন সংস্করণ

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে বাসে থাকা চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথে একটি মালবাহী ট্রাককে অতিক্রম করার সময় অতিরিক্ত গতির কারণে বৈশামুড়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই চারজন যাত্রী নিহত হন এবং আহত হন কমপক্ষে ২৫ জন। নিহতরা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আরশ আলী (৬৫) ও তার নাতি আলিফ মিয়া (৭), হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌসুমী দাস (৩০) এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সেতু মজুমদারের ছেলে তনয় কুমার মজুমদার।

গুরুতর আহতদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ঢাকা–সিলেট মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা ধীরগতিতে যানবাহন চলাচল করে। পরে বেলা দুইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ফায়ার সার্ভিসের সরাইল ইউনিট এবং হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। খবর পেয়ে স্বজনেরা লাশ নিজ জিম্মায় নিয়ে যান।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাসচালক ও তার সহকারী পালিয়ে যায়। খাদে পড়া বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।