ঈশ্বরগঞ্জে শাশুড়িকে মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ২০:৩১ | অনলাইন সংস্করণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের ভালুকবেড় (আগপাড়া) গ্রামে জামাইয়ের হামলা ও ধারাবাহিক হুমকির অভিযোগে একটি পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। শাশুড়িকে মারধর করে আহত করা এবং পরবর্তীতে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত জামাইসহ চারজনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সালের নভেম্বর মাসে একই গ্রামের হাছেন আলীর ছেলে আনারুলের সঙ্গে সোমার বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।
পরিবারের দাবি, স্ত্রীর চাকরির সঞ্চিত অর্থ ও ঋণের টাকা দিয়ে একটি বসতঘর নির্মাণ করা হলেও বিয়ের পর থেকেই আনারুলের মাদকাসক্তি ও স্ত্রীকে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটতে থাকে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৩ এপ্রিল বিকেলে আনারুল তার পরিবারের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে শাশুড়ি রুজিনা বেগম প্রতিবাদ করলে তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তিনি মাথায় গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত রুজিনা বেগমকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
রুজিনা বেগম বলেন, ঘটনার পর স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। বরং অভিযুক্তরা বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। তিনি আরও অভিযোগ করেন, গত ৬ জুন তার দেবর শফিক মিয়া ও চাচাতো দেবর লোকমান মিয়াকে রাস্তায় একা পেয়ে মারধরের চেষ্টা করা হয়। এতে পুরো পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে আনারুলের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার বোন ফরিদা এবং বড় ভাই আমিরুলের স্ত্রী সাজিয়া বেগম বলেন, “স্বামী-স্ত্রীর বিষয় নিয়ে আমাদের কিছু বলার নেই। তারা নিজেরাই বিষয়টি বুঝবে।”
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
