নোয়াখালীতে ৩ বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ যুবক আটক

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ২১:১৮ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তিনটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার থেকে গোপালপুরগামী সড়কের গোপালপুর ব্রিজসংলগ্ন এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি মোটরসাইকেলের আরোহীকে থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে আবদুর রহমান রাহিম (২২) নামে ওই যুবকের কোমর থেকে তিনটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

গ্রেফতার রাহিম বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ (ভূঁইয়া বাড়ি) এলাকার জসিম উদ্দিনের ছেলে।

অভিযানটি পরিচালনা করেন বেগমগঞ্জ থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান এবং বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার এএনএম ইমরান খান।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।