রংপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ২২:০৩ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান, আর সেই জ্ঞানের কার্যকর প্রয়োগই মানবসভ্যতার অগ্রগতির পথকে সুগম করে। গবেষক ও উদ্ভাবকরা তাদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে নতুন নতুন উদ্ভাবন সৃষ্টি করেন, যা মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এমন উদ্ভাবন করতে হবে যা দেশের ১৮ কোটি মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি বৈশ্বিক মানবকল্যাণেও ভূমিকা রাখতে সক্ষম হবে।

বিজ্ঞান মেলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশ অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে নিজেদের সক্ষমতা প্রমাণে এ চর্চা অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুল মোতালেব সরকার বলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা। তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিকল্প নেই।

তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন সম্ভাবনা সৃষ্টি করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক আবু জাফর এবং জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।

এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী বিজ্ঞান মেলায় মোট ৪৩টি স্টল অংশ নিয়েছে।