ফরিদপুরে বিনামূল্যে আইনি সহায়তা, খুলছে ন্যায়বিচারের দুয়ার

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১৯:৫০ | অনলাইন সংস্করণ

  ফরিদপুর প্রতিনিধি

অর্থের অভাবে মামলা পরিচালনা করতে না পেরে ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার দিন অনেকটাই বদলে গেছে। সরকারি আইনি সহায়তা কর্মসূচির আওতায় ফরিদপুরে দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ সম্পূর্ণ বিনামূল্যে আইনগত সেবা পাচ্ছেন। মামলা পরিচালনা, সরকারি আইনজীবী নিয়োগ, কোর্ট ফি মওকুফ থেকে শুরু করে আপিল পর্যায় পর্যন্ত বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে এ কার্যক্রমের মাধ্যমে।

ফরিদপুর জেলা জজ আদালত চত্বরকে কেন্দ্র করে পরিচালিত জেলা লিগ্যাল এইড অফিস ইতোমধ্যে সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার প্রাপ্তির একটি গুরুত্বপূর্ণ ভরসাস্থলে পরিণত হয়েছে।

জেলা জজ আদালত চত্বরে অবস্থিত জেলা লিগ্যাল এইড অফিস থেকে যোগ্য আবেদনকারীদের জন্য সরকারি আইনজীবী নিয়োগ দেওয়া হচ্ছে। মামলা দায়েরের প্রাথমিক ধাপ থেকে শুরু করে প্রয়োজন হলে আপিল পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে আইনি সহায়তা নিশ্চিত করা হচ্ছে। জেলা লিগ্যাল এইড অফিসার আবেদন যাচাই-বাছাই করে আইনজীবী নিয়োগ ও বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করেন।

অফিসটি ফরিদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের তৃতীয় তলার ৩০৪ নম্বর কক্ষে অবস্থিত।

লিগ্যাল এইড সেবার আওতায় যোগ্য আবেদনকারীরা বিনামূল্যে দেওয়ানি, ফৌজদারি ও পারিবারিক মামলায় সরকারি আইনজীবীর সহায়তা পাচ্ছেন। এছাড়া কোর্ট ফি ও স্ট্যাম্প খরচ মওকুফ, মামলার প্রয়োজনীয় নথি ও সার্টিফায়েড কপি বিনামূল্যে সরবরাহ, মামলা শুরুর আগেই আপস-মীমাংসার উদ্যোগ এবং প্রয়োজন অনুযায়ী আপিল পর্যায় পর্যন্ত আইনি সহায়তা দেওয়া হচ্ছে। আইনজীবীরা আদালতে উপস্থিত থেকে দরিদ্র ও অসহায় মানুষের পক্ষে মামলা পরিচালনা করায় বিচারপ্রাপ্তির সুযোগ আরও সহজ হয়েছে।

এই সেবা মূলত সীমিত আয়ের মানুষের জন্য। আবেদনকারীর বার্ষিক আয় তিন লাখ টাকার কম হতে হবে এবং দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী হতে হবে। এছাড়া নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি এবং মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ফরিদপুর জেলার সদর, বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী, নগরকান্দা, সালথা, সদরপুর, চরভদ্রাসন ও ভাঙ্গা উপজেলার বাসিন্দারা এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

আবেদন প্রক্রিয়াও সহজ। জেলা জজ আদালত ভবনের লিগ্যাল এইড অফিস থেকে বিনামূল্যে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। পরে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, স্থানীয় জনপ্রতিনিধির দেওয়া আয়ের সনদ এবং মামলার প্রাথমিক কাগজপত্র জমা দিতে হবে। আবেদন যাচাই শেষে দ্রুত সরকারি আইনজীবী নিয়োগ দিয়ে মামলা পরিচালনার কার্যক্রম শুরু করা হয়।

আইনি সহায়তা সংক্রান্ত তথ্যের জন্য জাতীয় হেল্পলাইন ১৬৬৯৯ (টোল ফ্রি) নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া স্থানীয় যোগাযোগ নম্বর ০১৭০০-৭৮৪২৭৯ এবং অতিরিক্ত নম্বর ০২৪৭৮৮৯০৫৪৫৬-এ যোগাযোগ করা যাবে। অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।

আইন সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ফরিদপুরে সরকারি লিগ্যাল এইড কার্যক্রম সাধারণ মানুষের জন্য বিচারপ্রাপ্তির পথকে আরও সহজ ও কার্যকর করেছে। মামলা পরিচালনার ব্যয়জনিত বাধা কমে যাওয়ায় গ্রামীণ ও নিম্নআয়ের মানুষের মধ্যে আদালতের প্রতি আস্থা বৃদ্ধি পাচ্ছে এবং বিরোধ নিষ্পত্তিও দ্রুততর হচ্ছে।

সরকারি এই উদ্যোগের মূল লক্ষ্য, অর্থের অভাবে যেন কোনো মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন। ফলে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আইনি সহায়তা এখন আরও সহজলভ্য ও জনমুখী হয়ে উঠছে।