নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের ট্রাকের চাপায় ২ ছাত্রনেতা নিহত
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ২৩:১৯ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বর্জ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) ও কুতুবপুরের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে জালকুঁড়ি থেকে মোটরসাইকেলে চড়ে সিদ্ধিরগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন জিলানী ও মাসুম। দশপাইপ এলাকায় পৌঁছালে সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এছাড়া ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
