দুর্গাপুরে মাদকসংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ৬ জনকে কারাদণ্ড
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১৫:৪২ | অনলাইন সংস্করণ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে মাদকসেবন ও মাদকসংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সামারি ট্রায়াল কার্যক্রম শুরু করেছে দুর্গাপুর চৌকি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার (১০ জুন) সকাল ১১টার দিকে আদালতে গিয়ে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।
আদালত সূত্রে জানা যায়, গত এক মাসে দুর্গাপুর থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে দায়ের হওয়া চারটি পৃথক মামলার তাৎক্ষণিক সামারি ট্রায়াল অনুষ্ঠিত হয়।
সামারি ট্রায়াল শেষে আদালত ৬ জন আসামিকে দোষ স্বীকারের ভিত্তিতে ৩ মাস থেকে ১ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
ওই সামারি ট্রায়াল আদালত পরিচালনা করেন দুর্গাপুর চৌকি আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আমিন ভূঁইয়া।
আদালত-সংশ্লিষ্টরা জানান, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় দুর্গাপুরে মাদকের সহজলভ্যতা তুলনামূলক বেশি। ফলে মাদকসেবীদের উপদ্রবও লক্ষণীয়। অনেক ক্ষেত্রে মাদকাসক্ত সন্তানের অসদাচরণ ও নির্যাতনের শিকার হয়ে পিতা-মাতা নিজ সন্তানের বিরুদ্ধেই আদালতে মামলা করতে বাধ্য হচ্ছেন। এসব মামলার সামাজিক ও পারিবারিক সংবেদনশীলতা বিবেচনায় দ্রুত বিচার নিশ্চিত করার লক্ষ্যে ফৌজদারি কার্যবিধির ২৬০ ধারা অনুযায়ী সংক্ষিপ্ত বিচার পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।
সংশ্লিষ্ট সচেতন মহলের মতে, দুর্গাপুরে মাদকসেবন ও মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে আদালতের এ ধরনের দ্রুত বিচার কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে। নিয়মিত সংক্ষিপ্ত বিচার পরিচালনার মাধ্যমে মাদকসেবীদের মধ্যে আইনভীতি সৃষ্টি হবে এবং সমাজে মাদকের বিস্তার রোধে কার্যকর প্রভাব পড়বে।
স্থানীয়রা আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত দুর্গাপুর গড়ার লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
