ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১৬:৫৬ | অনলাইন সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে সদর উপজেলার দানাপাটুলী গ্রামের কিশোরগঞ্জ-নিকলী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে গ্রামবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর অভিযোগ, অটোরিকশার ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে পাশ্ববর্তী কটিয়াদী উপজেলার রায়খলা গ্রামের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে দানাপাটুলী গ্রামে হামলা চালায়। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর, লুটপাট এবং গ্রামবাসীর ওপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করা হয়।

তাদের দাবি, দীর্ঘদিন ধরে সামান্য ঘটনাকে কেন্দ্র করে রায়খলা গ্রামের কিছু লোক দানাপাটুলী গ্রামের বাসিন্দাদের ওপর হামলা, ভাঙচুর ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছে।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

স্থানীয় দানাপাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাসুদ বলেন, রায়খলা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী বাক্কার ও সুরুজের নেতৃত্বে প্রকাশ্য দিবালোকে এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা কয়েকটি পরিবারের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সমাবেশে অন্যান্য বক্তারাও প্রশাসনের কাছে রায়খলা গ্রামের চিহ্নিত হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মজিবুর রহমান, সাবেক মহিলা ইউপি সদস্য রত্না বেগম, বর্তমান ইউপি সদস্য শাহানা আক্তার, সাবেক ইউপি সদস্য শাহজাহান মিয়া, বর্তমান ইউপি সদস্য আমির হোসেন, সাবেক ইউপি সদস্য আলীমুন রমজান শামীম, আল মাহমুদ মোস্তফা, মো. মোশারফ হোসেন, আল আমিন, ফেরদৌস আলম, শাহজাহান সানাউল্লাহ এবং ইউনিয়ন বিএনপির সভাপতি রাসেল মাহমুদসহ কয়েকশ গ্রামবাসী।