বেগমগঞ্জে রাহির মৃত্যুর ঘটনায় মানববন্ধন ও সড়ক অবরোধ

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১৯:১৬ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর জিরতলী ইউনিয়নের বারইচাতল গ্রামের ইসমাইল, নাঈম ও রনির বিরুদ্ধে রাহিকে নিয়ে এআই ভিডিও নির্মাণ, রাহির আত্মহত্যা এবং এলাকার অন্যান্য মেয়েদের চারিত্রিক হেনস্তার অভিযোগে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজারে শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, এআই প্রযুক্তির অপব্যবহার এবং নারীদের সম্মানহানির ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সামছুজ্জামান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।

তিনি জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। পরে ওসির আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। এতে যান চলাচল স্বাভাবিক হয় এবং পরিস্থিতি শান্ত হয়।