পাবনায় নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১৯:৪২ | অনলাইন সংস্করণ

  পাবনা প্রতিনিধি

পাবনায় ‘পরিবার ও সমাজে নারীদের মর্যাদা ও অধিকার নিশ্চিতকরণে চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পাবনা জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান মূল প্রবন্ধ উপস্থাপন ও সঞ্চালনা করেন।

আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, পাবনা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আশরাফ আলী, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মারুফ পারভেজ এবং পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাইসা রাবিবা।

বক্তারা নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধ, পরিবারে নারীর মতামতের মূল্যায়ন নিশ্চিতকরণ, বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারীর শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ সম্প্রসারণ, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিতকরণ, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি, যৌতুক প্রথা ও কুসংস্কারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, নারীর আইনগত অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি, স্থানীয় সরকার ও নেতৃত্বে নারীর সম্পৃক্ততা জোরদার করা, নারীবান্ধব সামাজিক ও পারিবারিক পরিবেশ সৃষ্টি, ডিজিটাল নিরাপত্তা ও সাইবার হয়রানি প্রতিরোধ, স্বাস্থ্যসেবা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নারী-পুরুষের পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনা শেষে অংশগ্রহণকারীদের ৬টি গ্রুপে বিভক্ত করে নারীর অধিকার বিষয়ে তাদের মতামত ও সুপারিশ লিখিত আকারে উপস্থাপন করা হয়। প্রতিটি গ্রুপের একজন প্রতিনিধি তা উপস্থাপন করেন। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এসব সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করা হবে বলে কর্মশালায় জানানো হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাদের, পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক জহুরুল ইসলাম, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, জামেয়া আশরাফিয়া পাবনার উপাধ্যক্ষ মুফতি নাজমুল হুসাইন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মেহেরুন্নেসা শাহজাহান, পাবনা প্রেস ক্লাবের সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন ও উৎপল মির্জা, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সিফাত রহমান সনম, যুগ্ম সম্পাদক মোখলেসুর রহমান বিপ্লব, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন প্রমুখ।