ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা জনপ্রতিনিধিদের দায়িত্ব: জয়নুল আবেদীন

প্রকাশ : ১২ জুন ২০২৬, ২০:৩৭ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন ফারুক এমপি বলেছেন, এখন তো বিনা ভোটের সরকার নয়, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব। তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে এ মন্তব্য করেন।

শুক্রবার বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাতারপাইয়া বাজারে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে বাজারে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমানকে উদ্দেশ্য করে জয়নুল আবেদীন ফারুক বলেন, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জনপ্রতিনিধিদের দায়িত্ব।

তিনি আরও বলেন, গত ১০০ দিনের দেশ পরিচালনায় বোঝা যাচ্ছে, বর্তমান সরকার আইন প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী ভোট ৪ বছর ৭ মাস পরে। এই সময়ের মধ্যে বর্তমান সরকার দেশে যে পরিবর্তন আনবে, সেই পরিবর্তনের সুফলে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভালো কাজ করবে।’

বাজেট প্রসঙ্গেও তিনি বক্তব্য দেন। তিনি বলেন, বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে যে বাজেট ঘোষণা করেছে, তার আওতায় কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের সেবা সাধারণ মানুষ পাবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন, জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন, ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান, আনোয়ার হোসেন বাহার, জাহাঙ্গীর আলম মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।