কান্তজিউ মন্দির বিশ্বের মূল্যবান ঐতিহাসিক সম্পদ: চীনা রাষ্ট্রদূত
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১৮:৩৪ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন বলেছেন, ‘এই প্রাচীন মন্দিরের অসাধারণ কারুকার্য দেখে আমি অভিভূত হয়েছি। কান্তজিউ মন্দির শুধু বাংলাদেশের নয়, সমগ্র বিশ্বের জন্য মূল্যবান ঐতিহাসিক সম্পদ। মন্দিরের পরিবেশ এবং ভক্তদের আগমন প্রমাণ করে, হিন্দু সম্প্রদায়ের জন্য এটি একটি তীর্থভূমি। এর সার্বিক উন্নয়নে বাংলাদেশ সরকারের পাশে আমরাও থাকতে চাই।’
শুক্রবার বিকেলে দিনাজপুরের ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শনকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের ট্রাস্টি ও দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ এবং নির্বাহী সদস্য ডা. ডিসি রায়ের নেতৃত্বে সদস্যরা চীনা রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েনকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান। একই সঙ্গে কান্তজিউ মন্দির চত্বরে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে।
রাজ দেবোত্তর এস্টেটের অন্যতম নির্বাহী সদস্য ও বিশিষ্ট ডায়াবেটিস চিকিৎসক ডা. ডিসি রায় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েনের কাছে মন্দিরের ঐতিহ্যবাহী স্থাপত্য, সাংস্কৃতিক ও ধর্মীয় বিষয়গুলো তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম. হাবিবুল হাসান, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম এবং কান্তনগর জাদুঘরের কর্মকর্তা মো. শিহাব হোসেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, চীনা রাষ্ট্রদূতের এই সফর দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে। পাশাপাশি দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে পরিচিতি লাভ করবে।
