সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে ৩ জনের মৃত্যু
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১৯:৫৩ | অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।
নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মনাগ এলাকার বাসিন্দা দেলোয়ারের ছেলে মো. রাশেদুজ্জামান (২২), নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকার বাসিন্দা আকরামের ছেলে মো. গালিব (১৮) এবং তার মেয়ে মোসা. সুরাইয়া (১২)। তারা বর্তমানে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় অ্যাডভোকেট জালালের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।
জানা গেছে, বিকেল ৪টার দিকে তারা তিন জন ডিএনডি লেকে গোসল করতে নামে।এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার স্টেশনের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে বিকেল ৫টার দিকে রাশেদুজ্জামান ও গালিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গালিব তার বাবা আকরামের সঙ্গে ভ্যানে করে এলাকায় সবজি বিক্রি করত। রাশেদুজ্জামান ছিল আকরামের মেয়ের স্বামী। তিনি কর্মসংস্থানের খোঁজে সম্প্রতি সিদ্ধিরগঞ্জে এসেছিলেন।
আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, ডিএনডি লেকে ৩ জন নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করি। প্রায় দুই ঘণ্টার উদ্ধার অভিযান শেষে তিনজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।
