অপহরণের ১ সপ্তাহ পর বিলের খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ২০:১১ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিলাভালকি গ্রাম থেকে অপহরণের এক সপ্তাহ পর রাফিন (১৫) নামে এক শিশুর গলিত মরদেহ সদর উপজেলার কুতুবপুর বিলের অর্জুনখাল থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাফিন আলমডাঙ্গা উপজেলার চিলাভালকি গ্রামের আখতারুজ্জামানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার চিলাভালকি গ্রামের রাফিন গত শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে গত বুধবার (১০ জুন) রাফিনের দাদি আমেনা খাতুন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

অপহরণের এক সপ্তাহ পর শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে জেলেরা মাছ ধরার সময় সদর উপজেলার কুতুবপুর বিলের অর্জুনখালে একটি গলিত মরদেহ দেখতে পান। পরে তারা সদর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের চেষ্টা করে। তবে ওই রাতে ডোম না পাওয়ায় মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত রাফিনের দাদি আমেনা খাতুন জানান, গত শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নাতি রাফিন বাড়ি থেকে বাইরে যাওয়ার কথা বলে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে গত বুধবার থানায় একটি মামলা দায়ের করা হয়।

শনিবার সকালে তিনি জানতে পারেন, কুতুবপুর বিলে একটি মরদেহ ভাসছে। ঘটনাস্থলে গিয়ে তিনি মরদেহটি তার নাতির বলে শনাক্ত করেন।

আলমডাঙ্গা থানার ওসি (অপারেশন) হোসেন আলী জানান, নিহতের দাদি আমেনা খাতুন বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।