সাবেক ম্যাজিস্ট্রেট বজলুল গণির মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ২১:২৪ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের বিশিষ্ট ব্যক্তিত্ব ও সাবেক সিনিয়র সহকারী কমিশনার (ম্যাজিস্ট্রেট) মো. বজলুল গণির মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আছরের পর চাঁদপুর শহরের বাইতুল আমিন জামে মসজিদে মরহুমের জ্যেষ্ঠ পুত্র মো. তানভীর গণি হানু ও তার পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মরহুম মো. বজলুল গণি চলতি বছরের ৫ জানুয়ারি চাঁদপুর শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ সময় মরহুমের জ্যেষ্ঠ পুত্র মো. তানভীর গণি হানু পিতার রুহের মাগফেরাত কামনা করে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মো. বজলুল গণি কর্মজীবনে সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে দেশের বিভিন্ন জেলায় সরকারের সিনিয়র সহকারী কমিশনার (সি. ম্যাজিস্ট্রেট) হিসেবে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে তিনি সহকর্মী ও সাধারণ মানুষের কাছেও ছিলেন শ্রদ্ধাভাজন।

দোয়া মাহফিলে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।