চুয়াডাঙ্গা সীমান্তে ৩ নারীসহ ১৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১৮:৪৭ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্ত দিয়ে ৩ জন নারী, শিশুসহ ১১ জন পুরুষকে পুশইনের সময় গ্রামবাসী ও বিজিবি সদস্যদের প্রতিরোধের মুখে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রবিবার (১৪ জুন) ভোর ৪টার দিকে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলার বরাবর এ ঘটনা ঘটে।

বিজিবি ও গ্রামবাসী সূত্রে জানা যায়, রবিবার ভোরের দিকে উপজেলার দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলার বরাবর দিয়ে ৩ জন নারী, শিশুসহ ১১ জন পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের দর্শনা চেকপোস্ট বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা গ্রামবাসীদের সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। এতে বিএসএফ তাদের পরিকল্পনায় ব্যর্থ হয়ে ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে অবস্থান করায়।

সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করে টহল জোরদার করা হয়েছে। সূত্র জানায়, এখনো পর্যন্ত তারা সীমান্ত এলাকায় অবস্থান করছে।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন।