২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে নারায়ণগঞ্জে এলজিইডির সবুজ উদ্যোগ

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ২১:১০ | অনলাইন সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নারায়ণগঞ্জ কর্তৃক বাস্তবায়িত বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন হয়েছে। এ সময় সড়কের পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।

রোববার (১৪ জুন) নারায়ণগঞ্জ জেলা পরিষদ সংলগ্ন ফকির নিটওয়্যার সড়কের পাশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. আহসানুজ্জামান এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ মো. তাহের, এলজিইডি সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল, উচ্চমান সহকারী মো. আব্দুল মালেকসহ এলজিইডির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে নির্বাহী প্রকৌশলী মো. আহসানুজ্জামান বলেন, এই কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন সড়কের পাশে পরিবেশবান্ধব ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল বলেন, “বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি পরিবেশ ও মানবকল্যাণে দীর্ঘমেয়াদি বিনিয়োগ। এলজিইডির উদ্যোগে সড়কের পাশে সবুজ বেষ্টনী গড়ে উঠলে পরিবেশের পাশাপাশি স্থানীয় জনগণও নানাভাবে উপকৃত হবে।”