ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

হাজীগঞ্জে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, মালিক-ছেলেসহ আটক ৫

হাজীগঞ্জে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, মালিক-ছেলেসহ আটক ৫

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগে হোটেল মালিক, তার ছেলে, ম্যানেজারসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে পৌর এলাকার হলুদপট্টির মাতৃমায়া আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়।

হাজীগঞ্জ থানার এসআই জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেলের একটি কক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য এক নারী ও এক পুরুষকে আটক করা হয়।

একই সময়ে অনৈতিক কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে হোটেলের মালিক ফারুক হোসেন লিটন, তার ছেলে আনোয়ার হোসেন এবং ম্যানেজার রায়হানকে আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অনৈতিক কার্যক্রম চলছিল। সকাল থেকে রাত পর্যন্ত সেখানে নারী-পুরুষের আনাগোনা ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যবসায়ী জানান, গত ১৬ মে এই হোটেলে হাটিলা এলাকার পাতানিশ গ্রামের ওমর নামে এক ব্যক্তির বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এছাড়া এর আগে উত্তরবঙ্গের এক ব্যবসায়ীকে আটকে রেখে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

উল্লেখ্য, শনিবার দুপুরে একই হোটেলের একটি কক্ষের দরজা ভেঙে মো. ইলিয়াস কাজী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। তিনি ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি ইউনিয়নের ঘনিয়া গ্রামের আদম আলী কাজীর ছেলে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান বলেন, হোটেলের মালিক, মালিকের ছেলে, ম্যানেজার এবং অভিযোগের ঘটনায় জড়িত নারী-পুরুষকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, এর আগেও নানা অবৈধ কার্যকলাপের দায়ে হোটেলটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তারা তা অমান্য করে আবারও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মালিক-ছেলেসহ আটক ৫,পুলিশের অভিযান,আবাসিক হোটেল,হাজীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত