
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টের এক যৌথ অভিযানে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন লঙ্ঘন করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সাথে অভিযানকালে জব্দকৃত বিপুল পরিমাণ অবৈধ ও মানহীন প্রসাধন সামগ্রী ও পণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার (১৫ জুন) ঈশ্বরগঞ্জ পৌর শহরের বসুন্ধরা আবাসিক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে একটি যৌথ অভিযান চালানো হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে রাজু আহমেদ (৩৩) নামের এক ব্যবসায়ী তার অপরাধ স্বীকার করেন। তিনি ওই এলাকার মো. মোশারফ হোসেনের পুত্র। অপরাধ স্বীকার করায় অপরাধীকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানকালে ওই ব্যবসায়ীর কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ব্লাশটিং লাইটিং এন্ড সাউন্ড ৫০০ প্যাকেট, হোদা বিউটি ক্রিম ২৪টি, মেকআপ বক্স ০১টি, ফর্সা করার সাবান ০৪টি, চুলের তেল ১০টি এবং হ্যান্ড ওয়াশ ০১টি।
পরবর্তীতে জব্দকৃত এসব অবৈধ ও মানহীন প্রসাধন সামগ্রী ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের মাঠে নিয়ে জনসাধারণের সম্মুখে বিনষ্ট ও ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান জানান, জনস্বার্থে এবং ভোক্তা অধিকার ক্ষুণ্ণকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।