ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বোচাগঞ্জে রগকাটা অবস্থায় উদ্ধারের পর ব্যবসায়ীর মৃত্যু, সাবেক স্ত্রী আটক

বোচাগঞ্জে রগকাটা অবস্থায় উদ্ধারের পর ব্যবসায়ীর মৃত্যু, সাবেক স্ত্রী আটক

দিনাজপুরের বোচাগঞ্জে ডিএন অটো রাইস মিলের স্বত্বাধিকারী শিল্পপতি মোস্তাফিজুর রহমানকে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী শিল্পির বিরুদ্ধে। এ ঘটনায় দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ নিহতের সাবেক স্ত্রী শিল্পিকে আটক করেছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় বোচাগঞ্জের ডিএন অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান (৪০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে, রোববার (১৪ জুন) রাত ৯টার দিকে মোস্তাফিজুর রহমানকে রামদাসপাড়ায় তার ডিএন অটো রাইস মিলের বৈঠকখানা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাকে দিনাজপুর জিয়াউর রহমান ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দা এবং মিলের শ্রমিকদের সূত্রে জানা যায়, প্রায়ই সাবেক স্ত্রী শিল্পি মিলে আসতেন এবং মোস্তাফিজুর রহমানের সঙ্গে ঝগড়া-বিবাদে লিপ্ত হতেন। রোববারও এমন ঘটনা ঘটে। কেউ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়নি। তারা মনে করেছিল, আগের মতো আজও ঝগড়া হচ্ছে। কিন্তু রাতে পায়ের রগ কাটা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সোমবার সকালে তিনি মারা যান।

দিনাজপুরের সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মো. মনিরুজ্জামান বলেন, ডিএন অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান রোববার দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আহত হন। কিন্তু রাত ৯টার দিকে প্রথমে তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, তার সাবেক স্ত্রী এখানে যাতায়াত করতেন। সাবেক স্ত্রীর বিরুদ্ধে পূর্বে নির্যাতনের অভিযোগও রয়েছে। আমরা প্রাথমিকভাবে কোতোয়ালি থানার সহায়তায় সাবেক স্ত্রী শিল্পিকে হেফাজতে নিয়েছি। তদন্তের পর এবং নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, নিহত মোস্তাফিজুর রহমান বিশিষ্ট শিল্পপতি জহুরা অটো রাইস মিলের স্বত্বাধিকারী আব্দুল হান্নানের ছোট ভাই। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একজন মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সাবেক স্ত্রী আটক,ব্যবসায়ীর মৃত্যু,রগকাটা অবস্থায় উদ্ধার,বোচাগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত