রংপুরে ১৮ প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ বিতরণ

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ২২:৩৩ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল, যোগাযোগ ও স্বাভাবিক জীবনযাত্রার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরের কাউনিয়া উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সকাল ১১টায় কাউনিয়া উপজেলার ৩ নম্বর কুর্শা ইউনিয়ন পরিষদ চত্বরে গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে)-এর বাস্তবায়নে এবং ইউরোপীয় ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় পরিচালিত ‘পাথওয়েজ টু প্রসপারিটি এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি-ইইউ)’ প্রকল্পের আওতায় এ সহায়ক উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মজিদ।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি মো. রবিউল ইসলাম, সুশীল সমাজের প্রতিনিধি মো. ফজলুল হক, ডা. মো. শামসুর রহমান, প্রকল্প সমন্বয়কারী, পিপিইপিপি-ইইউ প্রকল্প, উত্তর-পশ্চিমাঞ্চল, জিবিকে; মো. জিয়াউর রহমান, কারিগরি কর্মকর্তা (কমিউনিটি মোবিলাইজেশন), পিপিইপিপি-ইইউ প্রকল্প, উত্তর-পশ্চিমাঞ্চল; সহকারী কারিগরি কর্মকর্তা (লাইভলিহুড) মো. মাহফুজ আলম, সহকারী কারিগরি কর্মকর্তা (নিউট্রিশন) বেনজির লায়লা এবং ইসরাত জাহান প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বনির্ভরতা বৃদ্ধি ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়ন এবং গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের মোট ১৮ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

এর মধ্যে ছিল ৪টি হুইলচেয়ার, ১১টি হিয়ারিং এইড, ১ জোড়া অক্সিলারি ক্র্যাচ এবং ২টি লাঠি।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, পিপিইপিপি-ইইউ প্রকল্পের মাধ্যমে পিছিয়ে পড়া ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।