রংপুরে ঐতিহ্যবাহী জিআই পণ্য হাঁড়িভাঙ্গা আমের উদ্বোধন
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ২৩:০২ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

আনুষ্ঠানিকভাবে বাজারজাত কার্যক্রম শুরু হলো ঐতিহ্যবাহী জিআই পণ্য হাঁড়িভাঙ্গা আমের। সোমবার (১৫ জুন) দুপুর দেড়টায় রংপুরের মিঠাপুকুরের পদাগঞ্জে একটি বাগানে হাঁড়িভাঙ্গা আম ছিঁড়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
এ সময় তার সঙ্গে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাসেল, জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক, উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম, কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম রাকিবুল হাসান ফেরদৌসসহ স্থানীয় বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দ। এছাড়াও কৃষক ও ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।
পরে তিনি পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে হাঁড়িভাঙ্গা আমচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এরপর তিনি হাঁড়িভাঙ্গা আমের রাজধানীখ্যাত পদাগঞ্জ হাট পরিদর্শন করেন এবং কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
এ সময় জেলা প্রশাসক রুহুল আমিন বলেন, জেলা প্রশাসনের অগ্রাধিকার প্রকল্প হিসেবে হাঁড়িভাঙ্গা আমের রপ্তানি, অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার ও নির্মাণ, ওয়াশ ব্লক তৈরি, ব্যাংকের শাখা স্থাপন, ম্যাংগো ট্রেনের ব্যবস্থাসহ বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করা হবে।
বিক্রেতারা জানিয়েছেন, ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৮০০ টাকার মধ্যে প্রতি মণ আম বিক্রি হচ্ছে। এবার শিলাবৃষ্টিতে হাঁড়িভাঙ্গা আম ঝরে যাওয়ায় ফলন প্রায় ৩০ শতাংশ কমে গেছে। তাই দাম বৃদ্ধি না হলে লোকসানের মুখে পড়বেন তারা।
রংপুর আঞ্চলিক কৃষি অফিসের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম জানান, এবার আমের ফলন কিছুটা কম হলেও আকার বড় হয়েছে। সে কারণে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন বলে আশা করা হচ্ছে। শুরুর দিকে সামান্য দাম কম থাকলেও প্রতিদিনই আমের দাম বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সরকারের বেঁধে দেওয়া সময় অনুযায়ী আজ থেকে রংপুরের সুস্বাদু ও রসালো হাঁড়িভাঙ্গা আম পাড়া শুরু হয়েছে। বাজারে সর্বত্র এখন পাওয়া যাবে জিআই পণ্য হিসেবে স্বীকৃত এই আম। আর এই আমকে কেন্দ্র করে এবারে রংপুর অঞ্চলে ৩০০ কোটি টাকার বেশি বাণিজ্যের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।
