চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত নারীসহ গ্রেপ্তার ৬

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১৭:১২ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত নারীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামের তোতা মিয়ার মেয়ে, ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি রিমা খাতুন (৩১), একই উপজেলার মনোহরপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আব্দুল গাজী (৩৫), পেয়ারাতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে ইমু বাদশা (৩৫), তার ভাই ইমরান হোসেন (২৭), একই গ্রামের জাহুর ছেলে শাকিব হোসেন (২০) এবং দামুড়হুদা উপজেলা শহরের দশমীপাড়ার মতিয়ারের ছেলে মোস্তাফিজুর রহমান (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ, দর্শনা থানার ওসি নজরুল ইসলাম এবং দামুড়হুদা থানার ওসি মেজবাহ উদ্দিনের নেতৃত্বে একাধিক টিম পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত নারী আসামিসহ তাদের গ্রেপ্তার করে।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন মামলার অভিযোগ রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সোমবার দুপুরে তাদের চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।