নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১৭:৪৬ | অনলাইন সংস্করণ
নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ জুন) ভোর থেকে উপজেলার নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ৫ জন গুলিবিদ্ধসহ গুরুতর আহত হয়েছেন।
আহতদের মধ্যে নিলক্ষা ইউনিয়নের সাবেক মেম্বার উসমান মিয়ার ছেলে অনিক (২০), একই এলাকার রাজু মিয়া (২৮) এবং মোবারক হোসেন (২৬)-কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় অনিককে উদ্ধার করে সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই ইউনিয়নের দড়িগাঁও এলাকার নাজিম উদ্দিন ও আলাল মুন্সির গ্রুপের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই অংশ হিসেবে মঙ্গলবার ভোর থেকেই আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।
এ সময় বেশ কয়েকজনকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরে সংঘর্ষে অংশ নিতে দেখা গেছে।
সংঘর্ষ ও গোলাগুলিতে অনিক, রাজু ও মোবারকসহ অন্তত তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় অনিক (২০) মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, নাজিম উদ্দিন ও আলাল মুন্সির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে ভোর থেকে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে থানা পুলিশ, র্যাব ও উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে, বিস্তারিত পরে জানানো হবে।
