সিরাজগঞ্জে মরিচের গুঁড়ায় ইটের গুঁড়া, ৩ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ২১:২৪ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে মরিচের গুঁড়ার সঙ্গে ইটের গুঁড়া মিশিয়ে বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াত কবিরের নেতৃত্বে ওই বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অনুমোদনহীন ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যপণ্য মজুদ ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এ জরিমানা করা হয়।

এছাড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঘন চিনি, হাইড্রোজ, লেবেলবিহীন সল্টু, পাইপ জুস ও রঙিন চিপস বিক্রির উদ্দেশ্যে মজুদের প্রমাণও পাওয়া গেছে।

বিশেষ করে এ অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ ল্যাবে মরিচের গুঁড়া পরীক্ষা করে ইটের গুঁড়ার উপস্থিতি শনাক্ত করা হয়।

এসব ঘটনার দায়ে ৩ পাইকারি মুদি দোকানিকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।