তরুণীর পেট থেকে টিউমার অপসারণ ফের আলোচনায় সেই ডাক্তার

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১৫:৩৭ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ২২ বছর বয়সী এক নারীর পেট থেকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় ৩ কেজি ওজনের একটি টিউমার অপসারণ করেছেন চিকিৎসকরা। বর্তমানে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের নেতৃত্ব দেন হাসপাতালটির চেয়ারম্যান ও সার্জন ডা. মো. আরিফ উল হাসান।

হাসপাতাল সূত্রে জানা যায়, শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওই তরুণী দীর্ঘদিন ধরে পেটে অস্বাভাবিক ফোলাভাব ও ব্যথায় ভুগছিলেন। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার পেটে বড় আকারের একটি টিউমার ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হলে প্রায় দেড় ঘণ্টাব্যাপী অপারেশনের মাধ্যমে টিউমারটি সফলভাবে অপসারণ করা হয়।

অস্ত্রোপচারের পর রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, তিনি এখন শঙ্কামুক্ত এবং সুস্থতার পথে রয়েছেন।

সার্জন ডা. মো. আরিফ উল হাসান বলেন, রোগী দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর টিউমার শনাক্ত করা হয় এবং অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করা সম্ভব হয়েছে। বর্তমানে রোগীর অবস্থা সন্তোষজনক।

উল্লেখ্য, ডা. মো. আরিফ উল হাসান এর আগেও জটিল অস্ত্রোপচারের মাধ্যমে আলোচনায় এসেছেন। গত এপ্রিল মাসে একই হাসপাতালে এক নারীর পেট থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বড় টিউমার অপসারণ করেন তিনি।

এছাড়া ২০২৪ সালের এপ্রিলে এক ব্যক্তির পায়ুপথে আটকে থাকা প্রায় ৬ ইঞ্চি আকারের একটি ডাব অস্ত্রোপচার ছাড়াই বের করে এনে ব্যাপক আলোচনার জন্ম দেন।