চুয়াডাঙ্গার প্রাণিসম্পদ দপ্তরে তীব্র জনবল সংকট, শূন্য ২৯ পদ
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ২০:৩৪ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

জনবল সংকটে রয়েছে চুয়াডাঙ্গা জেলা ও ৪টি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। এ কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কর্মকাণ্ড। প্রাণি হাসপাতালগুলোতে প্রাণি চিকিৎসাসেবা দিতে দারুণ অসুবিধায় পড়তে হচ্ছে। ৫৭টি মঞ্জুরীকৃত পদের মধ্যে ২৯টি পদেই জনবল নেই। মাত্র ২৮টি পদে জনবল নিয়ে চলছে চুয়াডাঙ্গা জেলা ও ৪টি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।
চুয়াডাঙ্গা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, জেলার ৪টি উপজেলাতেই জনবল সংকট রয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরে ১৩টি মঞ্জুরীকৃত পদের মধ্যে ৪টি পদে কোনো জনবল নেই। শূন্য পদগুলো হলো— অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন), ফডার গার্ড ও নিরাপত্তা প্রহরী।
চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে মঞ্জুরীকৃত পদ রয়েছে ১১টি। এর মধ্যে ৫টি পদে জনবল নেই। এসএএলও (সম্প্রসারণ) ৪ জনের স্থলে রয়েছেন ১ জন। এছাড়া এসএএলও (প্রাণিস্বাস্থ্য) পদ ১টি এবং অফিস সহায়কের ১টি পদ শূন্য রয়েছে।
আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে মঞ্জুরীকৃত পদের সংখ্যা ১১টি। জনবল নেই ৭টি পদে। ভেটেরিনারি সার্জনের ১টি পদ, এসএএলও (সম্প্রসারণ) ৪টি পদের মধ্যে ৩টি, এসএএলও (প্রাণিস্বাস্থ্য), এসএএলও (কৃত্রিম প্রজনন) এবং অফিস সহায়কের ১টি করে পদ শূন্য রয়েছে।
দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে মঞ্জুরীকৃত পদের সংখ্যা ১১টি। এর মধ্যে ৬টি পদ শূন্য রয়েছে। এসএএলও (সম্প্রসারণ) ৩ জন, এসএএলও (প্রাণিস্বাস্থ্য) ১ জন, এসএএলও (কৃত্রিম প্রজনন) ১ জন এবং অফিস সহায়ক ১ জনের পদ শূন্য রয়েছে।
জীবননগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে মঞ্জুরীকৃত ১১টি পদের মধ্যে ৭টি পদ শূন্য রয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ১ জন, এসএএলও (সম্প্রসারণ) ৩ জন, এসএএলও (প্রাণিস্বাস্থ্য) ১ জন, ড্রেসার ১ জন এবং অফিস সহায়ক ১ জনের পদ শূন্য রয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাহাবুদ্দিন বলেন, “এ জেলায় ছোট-বড় গরু, ছাগল ও ভেড়ার বেশ কিছু খামার রয়েছে। এসব খামারে পালন করা পশুগুলোর চিকিৎসাসেবা দিতে গিয়ে জনবল সংকটের কারণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবুও স্বল্প জনবল নিয়ে আমরা যথাসাধ্য আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”
