রংপুরে হাতুড়িপেটায় দোকান কর্মচারী নিহত, মালিকের ছেলে আটক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ২২:০৫ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুর মহানগরীতে ভাজাপোড়ার দোকানের এক কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মালিকের ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১৬ জুন) রাত ৯টার দিকে নগরীর খামার মোড় এলাকায় আমির হোসেনের ভাজাপোড়ার দোকানে এ ঘটনা ঘটে। এ সময় মালিক আমির হোসেনের ছেলে মনু মিয়ার (৩০) সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে দোকানের কর্মচারী শাওন মিয়ার কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে দোকানে থাকা লোহার হাতুড়ি দিয়ে শাওনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক আঘাত করতে থাকে মনু।
গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মনু মিয়াকে স্থানীয়রা আটক করে গোয়েন্দা পুলিশের হাতে সোপর্দ করে।
রংপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, আটক মনু মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ঘাতক মনুর পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন এবং ওঝার মাধ্যমে তার চিকিৎসা চলছিল।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনু জানিয়েছেন, দোকানের থালা-বাসন ধোয়ার স্থানে শাওন থুতু ফেলতেন। বারবার নিষেধ করার পরও একই কাজ করায় রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাওনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় মহানগর কোতোয়ালি থানায় মামলা করবেন নিহত শাওনের পরিবার। রংপুর মহানগর কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদির জানান, এরই মধ্যে হত্যার অভিযোগে অভিযুক্তকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হলে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। বর্তমানে ওই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
