হাজীগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১৬:২১ | অনলাইন সংস্করণ

  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এসআই নূর মোহাম্মদের নেতৃত্বে একটি দল মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ ৪ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে মো. রবিউল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ কালচোঁ ইউনিয়নের বানিয়াকান্দি গ্রামের আবিদ আলী মিজির ছেলে।

গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কচটেপ দিয়ে মোড়ানো সাতটি বান্ডেল থেকে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আসামিকে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)-এর ১৯(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর-১৮, তারিখ: ১৮ জুন ২০২৬।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।