মধুখালীতে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১৬:২৪ | অনলাইন সংস্করণ
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

আজ ১৮ জুন (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশের তল্লাশিতে এক মোটরসাইকেল চালকের কাছ থেকে আনুমানিক ২ কেজি গাঁজা উদ্ধার করে তাকে আটক করা হয়েছে। মোটরসাইকেলের অপর দুই আরোহী পালিয়ে গেছে।
আটক ওই ব্যক্তি হলেন ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের লালন খানের ছেলে রানা খান (২৬)।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট প্রশান্ত কুমার মৌলিক ও সার্জেন্ট কল্লোল কুমার ভট্টাচার্য জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত বিভিন্ন যানবাহন চেক করার সময় তিন আরোহীসহ একটি মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করা হচ্ছিল। এ সময় সঙ্গে থাকা দুই আরোহী দৌড়ে পালিয়ে গেলে সন্দেহবশত তল্লাশি চালানো হয়।
পরে রানা খান (২৬)-এর কাছ থেকে আনুমানিক ২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। পরে রানাকে গাঁজাসহ মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ২ কেজি গাঁজাসহ রানা খান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে একটি মাদক মামলা রুজু করা হবে। আইনি প্রক্রিয়া চলমান।
