সিরাজগঞ্জে পৃথক স্থানে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ২০:৪১ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ী ঠিকাদারপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে সালাম (৪৫) এবং সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চর কাদহ গ্রামের চান মিয়ার মেয়ে শিউলি বেগম (৩২)।

সলংগা থানার ওসি আসলাম আলী জানান, বুধবার দুপুরের দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়কের কালভার্টের নিচে সালামের মরদেহ দেখতে পান স্থানীয়রা।

পরে পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এদিকে কাজিপুর থানার ওসি (তদন্ত) মনোজ কুমার বলেন, ওইদিন বিকেলে কাজিপুর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর গুচ্ছগ্রাম সংলগ্ন ইছামতী নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ওই হাসপাতালের মর্গে পাঠায়। তার পরনে কোনো কাপড় ছিল না এবং শরীরের চামড়া অনেকাংশে পচে গেছে।

ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তাকে হত্যা করে নদীতে মরদেহ ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় নৌ-পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।