রংপুরের মিঠাপুকুরে ফুট ওভারব্রিজ নির্মাণকাজের উদ্বোধন
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ২১:৫৫ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী বন্দরে রংপুর-ঢাকা মহাসড়কের ওপর ফুট ওভারব্রিজ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী এর উদ্বোধন করেন।
সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে এই ফুট ওভারব্রিজ নির্মাণকাজে ব্যয় করা হচ্ছে ২ কোটি ১০ লাখ টাকা। আগামী জুলাই মাসের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যস্ততম এই বন্দরে সড়ক পারাপারের সময় প্রায়ই সাধারণ মানুষ দুর্ঘটনার শিকার হন। এর ফলে গত কয়েক মাসে বেশ কয়েকজন ব্যক্তি এখানে সড়ক দুর্ঘটনায় হতাহত হয়েছেন। এসব দুর্ঘটনা এড়াতে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এখানে ফুট ওভারব্রিজটি নির্মাণ করা হচ্ছে।
এলাকাবাসীর আশা, ফুট ওভারব্রিজটির নির্মাণকাজ সম্পন্ন হয়ে চালু হলে এখানে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।
