দামুড়হুদায় ট্রেনে কাটা পড়ে নিহত ২, হাসপাতালে আহত ১

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ২২:০০ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা রেলক্রসিংয়ের কাছে ট্রেনে কাটা পড়ে আব্দুল্লাহ আল মামুন (২৭) ও রাজ (২৬) নামে দুইজন নিহত হয়েছেন। এ সময় আব্দুল কাদের (২৬) গুরুতর আহত হন।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল মামুন সদর উপজেলার মর্তুজাপুর গ্রামের আবু তাহের আলীর ছেলে এবং রাজ দামুড়হুদা উপজেলার সড়াবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি উপজেলার ছোট দুধপাতিলা রেলক্রসিংয়ের কাছে পৌঁছায়। এ সময় ডুগডুগি বাজার থেকে আব্দুল্লাহ আল মামুন, রাজ ও আব্দুল কাদের মোটরসাইকেলযোগে দোস্ত বাজারে যাওয়ার পথে হঠাৎ রেললাইনের ওপর মোটরসাইকেলটি বন্ধ হয়ে যায়। এতে ট্রেনের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই আব্দুল্লাহ আল মামুন ও রাজ নিহত হন।

এ সময় আব্দুল কাদের গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে দর্শনা হল্ট রেলস্টেশন জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জগদীশ চন্দ্র বসু সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা জিআরপি পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।