টাঙ্গাইলে পানি সরবরাহ উন্নয়নে নতুন প্রকল্পের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১৫:৪৭ | অনলাইন সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল শহরে একাধিক ভূগর্ভস্থ পানি পরিশোধনাগার ও উচ্চ জলাধারের নির্মাণকাজের উদ্বোধন করেছেন মৎস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
আজ শুক্রবার সকালে আশেকপুর ও কলেজপাড়া এলাকায় এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রাইসুল ইসলাম, প্রাক্কলনিক মীর মহসিন উদ্দিন আকাশ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমীন প্রমুখ।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, পৌরসভায় পানি সরবরাহ ব্যবস্থার সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় টাঙ্গাইল পৌরসভার বিদ্যমান পানি সরবরাহ ব্যবস্থার পাশাপাশি আরও কিছু উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে দুটি ভূগর্ভস্থ পানি পরিশোধনাগার (৩৫০ ঘনমিটার/ঘণ্টা পরিশোধনক্ষমতাসম্পন্ন) এবং দুটি উচ্চ জলাধার (৬৮০ ঘনমিটার ধারণক্ষমতাসম্পন্ন) নির্মাণ করা হচ্ছে।
পানি পরিশোধনাগার নির্মাণকাজের মোট কার্যাদেশ মূল্য ১৯ কোটি ১ লাখ ৩৬ হাজার ৭৯৪ টাকা এবং উচ্চ জলাধার নির্মাণকাজের মোট কার্যাদেশ মূল্য ৬ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ৩১১ টাকা।
প্রকল্প বাস্তবায়নের পর পৌরসভার ৪, ৫, ৬, ১৫, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে ১৪ কিলোমিটার পাইপলাইন স্থাপনের মাধ্যমে বিভিন্ন এলাকায় পানি সরবরাহ করা হবে। ইতোমধ্যে প্রকল্পের অন্তর্ভুক্ত ৯টি উৎপাদক নলকূপ স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে পৌরবাসীর পানি সংকট অনেকাংশে দূর হবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
