সিরাজগঞ্জে চুরি যাওয়া ৩টি গরু উদ্ধার, প্রশংসিত পুলিশ

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ২২:০৭ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মনোহরপুর গ্রামের কৃষক রায়তুর রহমান রিপনের চুরি যাওয়া ৩টি গরু উদ্ধার করা হয়েছে। প্রায় ২ ঘণ্টার মধ্যে গরুগুলো উদ্ধার করায় প্রশংসিত হয়েছে পুলিশ।

তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার গভীর রাতে ওই গ্রামের কৃষক রায়তুর রহমান রিপনের গোয়ালঘর থেকে সংঘবদ্ধ চোরচক্র ৩টি গরু চুরি করে ট্রাকে তুলে নিয়ে যায়।

ঘটনার সঙ্গে সঙ্গে কৃষক রিপন মুঠোফোনে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত তাড়াশ-রাণীরহাট সড়কে একটি ভটভটি গাড়ি দিয়ে সড়ক অবরোধ করে। এ সময় সংঘবদ্ধ চোরেরা গরুভর্তি ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়।

পরে পুলিশ চুরির কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে এবং ৩টি গরু উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রায় ২ ঘণ্টার মধ্যে গরুগুলো উদ্ধার করায় পুলিশের প্রশংসা করেছেন এলাকাবাসী।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। তবে আদালতের আদেশের পর কৃষকের কাছে গরু ৩টি ফেরত দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।