হাজীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ২৩:০৮ | অনলাইন সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

খেলাধুলার প্রতি যুবসমাজকে আরও উৎসাহিত করতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে হাজীগঞ্জে ‘শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মিজানুর রহমান সেলিম ও ফয়সাল আহমেদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ সমাজ ও মেধাবী প্রজন্ম গঠনে খেলাধুলার বিকল্প নেই। তিনি এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও খেলাধুলার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন বলেন, টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার একাধিক দল অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করার পাশাপাশি যুবসমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও সৌহার্দ্য বৃদ্ধি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
এ সময় বিএনপির সচিব এম এ রহিম পাটোয়ারী, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান, হাজীগঞ্জ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুরুন্নবী সম্রাট, খোরশেদ আলম ভূঁইয়া, কলামিস্ট কবির স্বপন, এমরান হোসেন, মোস্তফা মজুমদার সুমন, পৌরসভা যুবদলের সাবেক সদস্য সচিব বিল্লাল হোসেন পাটোয়ারী, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন রিপনসহ রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দলের খেলোয়াড়, ক্রীড়ামোদী দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর অনুষ্ঠিত প্রথম ম্যাচে অংশগ্রহণ করে হাটিলা একাদশ (হাজীগঞ্জ) ও অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব (শাহরাস্তি)। অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন, যা দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। ক্রীড়াপ্রেমী হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন।
